প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
প্রতিনিয়ত রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত একদিনে অর্থাৎ চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন।
রবিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার।
এতে বলা হয়েছে, গত একদিনে অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৬ জন, বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, খুলনা বিভাগে ১১৯ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৯৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৯ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে একজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে সারা দেশে ১ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৪ হাজার ৯৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।
Copyright © 2026 All rights reserved.